রিপাবলিকান পার্টির অভ্যন্তরে মতবিরোধ ও বিতর্ক থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ট্যাক্স ও ব্যয়সংক্রান্ত বিল আজ বৃহস্পতিবার চূড়ান্ত ভোটের মুখে পড়তে যাচ্ছে। এটি হোয়াইট হাউসে পাঠানোর আগের শেষ প্রক্রিয়াগত ধাপ।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিনিধি পরিষদে বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হওয়ার পথে এগিয়ে যাবে।
ক্যাপিটল হিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, "আমরা আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা এই ‘বিগ, বিউটিফুল বিল’ পাস করতে যাচ্ছি।"
বুধবার বিলটি সিনেটে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিতি পেয়ে পাস হয়। তবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর কারণে এটি পুনরায় প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর এটি আইনে পরিণত হবে।
সিনেটে বিলটি পাস করানো ছিল চ্যালেঞ্জিং। রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটর বিলটির বিরোধিতা করেন, ফলে ভোটের ফল দাঁড়ায় ৫০-৫০। তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর টাই-ব্রেকিং ভোট প্রদান করে বিলটিকে পাস করান।
বিলটি নিয়ে এখনো রিপাবলিকানদের মধ্যেই দ্বিধা রয়েছে। বিশেষ করে, এই বিল ধনীদের জন্য কর ছাড়ের সুযোগ রাখায় এবং সামাজিক ব্যয় কমানোর মাধ্যমে সরকারের আয়-ব্যয় ভারসাম্য হ্রাস পেতে পারে—এই আশঙ্কা থেকেই অনেকেই উদ্বিগ্ন। এতে নিম্ন আয়ের জনগণের জন্য স্বাস্থ্য, খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমে যেতে পারে।
বিলটি পাস হলে তা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতির একটি বড় জয় হিসেবে বিবেচিত হবে। তবে দলের ভেতর থেকেই কেউ কেউ সতর্ক করে দিচ্ছেন, এটি জাতীয় ঋণের বোঝা বাড়িয়ে দেবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ঝুঁকির মুখে ফেলবে।
বিলে সামরিক খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি, অভিবাসন বিরোধী পদক্ষেপের জন্য অর্থ বরাদ্দ এবং কর ছাড় নীতির সম্প্রসারণে ৪.৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। তবে এই পরিকল্পনার ফলে আগামী এক দশকে বাজেট ঘাটতি প্রায় ৩.৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিলটির সংশোধিত সংস্করণে ফেডারেল ফুড স্ট্যাম্প প্রোগ্রাম সংকুচিত করা হয়েছে, এবং ১৯৬০-এর দশক থেকে চলে আসা ‘মেডিকেইড’ স্বাস্থ্যসেবা কর্মসূচিতেও বড় ধরনের কাটছাঁট প্রস্তাব করা হয়েছে। এতে করে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ স্বাস্থ্যবিমা হারাতে পারে এবং বহু গ্রামীণ হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে।
প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস বিলটির বিরুদ্ধে কয়েক ঘণ্টাব্যাপী বক্তব্য দেন। তিনি বলেন, "এই বিলটি শুধু অমানবিকই নয়, এটি সাধারণ আমেরিকানদের জীবনের মান নিম্নমুখী করার একটি স্পষ্ট উদ্যোগ।"
বিলটির বিরুদ্ধে রিপাবলিকানদের মধ্যেও দ্বিধা রয়েছে। একদিকে নির্বাচনী প্রভাব নিয়ে শঙ্কা, অন্যদিকে আর্থিক সংযমপন্থীরা বলছেন—এটি প্রত্যাশিত সাশ্রয় আনতে পারবে না।
এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একাধিক পোস্টে রিপাবলিকানদের উদ্দেশে কড়া বার্তা দেন। এক পোস্টে তিনি লিখেন, "রিপাবলিকানদের জন্য এটি একটি সহজ 'হ্যাঁ' ভোট হওয়া উচিত ছিল। যা ঘটেছে তা হাস্যকর।"
বিশ্লেষকদের মতে, বিলটি পাস হলে ট্রাম্প শুধু অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে নয়, বরং দলীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাঁর কর্তৃত্ব আরও একবার প্রতিষ্ঠিত করবেন। সুপ্রিম কোর্টে সাম্প্রতিক বিজয় এবং ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির মতো বড় কূটনৈতিক অর্জনের পর এটি তাঁর দ্বিতীয় মেয়াদের এক বিশাল রাজনৈতিক জয় হিসেবে পরিগণিত হবে।
.png)
0 মন্তব্যসমূহ