Header Ads Widget

Responsive Advertisement

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩০ জন নিহত



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: বলিভিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ৩০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস এএফপি’কে জানিয়েছেন যে, ইয়োকাল্লা শহরের কাছে দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এএফপি জানিয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে দূরে।

পোতোসি ও ওরুরো শহরের মাঝখানে একটি সংকীর্ণ সড়কে বাসটি উল্টে গিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানায়, দুর্ঘটনায় তিন শিশু সহ ১৫ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

তবে, বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা বেনাভাইদেস জানান, সংকীর্ণ সড়কে দ্রুতগতি গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

এ বছর এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর প্রায় ১৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ