বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ, বাইরে আন্দোলনকারীরা, রাবার বুলেটে আহত ১০
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন।
এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনেক পুলিশ দেখা গেছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান রয়েছে। মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বরের গোলচত্বর পর্যন্ত বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোকজনের চলাচল খুবই কম।
পিতৃতূল্য হিসেবে অনুরোধ করছি, আন্দোলন থেকে সরে আসুন: শিক্ষার্থীদের প্রতি আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। গণভবনের থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানীর জন্য উদ্যোগ নিতে, আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানী এগিয়ে আনা যায়।
আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, ‘পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।’
কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি সরকার।
‘কমপ্লিট শাটডাউন’: মেট্রোরেল চলছে মতিঝিল টু আগারগাঁও
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে সকাল থেকে মেট্রোরেল চলছে স্বাভাবিক সূচিতে। পরে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত না চলে মেট্রোরেল চলছে মতিঝিল টু আগারগাঁও পর্যন্ত।
তেজগাঁওয়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমদ সরণীর একাধিক জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা তেজগাঁও শিল্প এলাকার একাধিক জায়গায় অবস্থান নেয়। তাঁরা লাঠিসোঁটা নিয়ে চেয়ার পেতে সেখানে পাহারায় থাকেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে পলিটেকনিক কলেজের দিক থেকে শত শত ছাত্র মিছিল নিয়ে আসে। এ সময় তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়াত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীরা পশ্চিমে নাখাল পাড়ার গলিতে ঢুকে যায়।
এ সময় তেজগাঁও শিল্প এলাকার অগ্রণী ব্যাংকের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ভাঙচুর করা হয়। সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি
বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় এ দেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়েছে।
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ আন্দোলনকারীদের ধাওয়ায় পণ্ড
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সমাবেশ আন্দোলনকারীদের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহ আলী প্লাজার সামনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সকাল সাড়ে ১০টা থেকে সমাবেশ চলছিল।
রেলপথ অবরোধ, ঢাকা–টঙ্গী রেল যোগাযোগ বন্ধ
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে ঢাকা থেকে টঙ্গী হয়ে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ের সূত্র জানিয়েছে, মহাখালী ও তেজগাঁওয়ে অবরোধের কারণে এই পথ দিয়ে চলাচলকারী ট্রেন ছাড়া হয়নি। বেশির ভাগ ট্রেন এই পথে চলাচল করে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীদের ডাকে এক দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে।
কমপ্লিট শাটডাউনে’ চাকরির পরীক্ষা স্থগিত
‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে ছয়টি প্রতিষ্ঠানের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠেয় একাধিক পদের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, পর্যটন করপোরেশন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শ্রম অধিদপ্তর ও সহকারী জজ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জের সানারপাড়, শিমরাইল ও মদনপুরে লাঠিসোঁটা নিয়ে সড়কে শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই তিন পয়েন্ট হলো সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল ও বন্দর উপজেলার মদনপুর। শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করেছেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
মেট্রো চলছে স্বাভাবিক সূচিতে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে মেট্রোরেল চলছে স্বাভাবিক সূচিতে। বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। তবে অন্য সময়ের তুলনায় আজ মেট্রোরেলে ভিড় কম। স্টেশনগুলোতেও চাপ কম। তবে মিরপুর–১০ নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলায় ওই স্টেশনের আগে বা পরে নামতে যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
শেওড়াপাড়ায় মেট্রোস্টেশনে দেখা যায়, অন্যদিনের তুলনায় আজ যাত্রী কম। মেট্রো কার্ড সংগ্রহ করতে তেমন যাত্রী চোখে পড়েনি।
রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সামনে শিক্ষার্থীরা
রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কে ল্যাব এইড হাসপাতালের সামনে ৫০ থেকে ৬০ শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছেন।
এদিকে রাজধানীর আজিমপুর মোড়ে সড়ক অবরোধ করে আছে আন্দোলনকারীরা। বেলা সোয়া একটার দিকে এ অবস্থা ছিল।
মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০
মানিকগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা শহরের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
কোটা বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ
সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুর জিলা স্কুলের সামনে প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু হয়।
সূত্র- প্রথম আলো

0 মন্তব্যসমূহ