আন্দোলনকারী শিক্ষার্থীরা কখনো পিছু হটছেন আবার এগিয়ে ইট-পাথর ছুড়ছেন।
পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ছে। কোথাও কোথাও তাদের সঙ্গে জামায়াত-বিএনপির লোকজনও আছে। আবার পুলিশের সঙ্গে ছাত্রলীগসহ যুবলীগের নেতাকর্মীরাও আছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শনির আখড়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন।
এ সময় তাদের ঠেকাতে সংঘর্ষ বাধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছোড়েন কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড।
মিরপুর ১০ নম্বর থেকে আশপাশের এলাকায় সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় সংঘর্ষ চলছে।
এ সংঘর্ষ শনির আখড়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এদিকে রাজধানীর প্রগতি সরণি গেটের সামনে থেকে নর্দ্দা, নতুন বাজার পর্যন্ত আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় প্রগতি সরণি সড়ক দখলে নেওয়া চেষ্টা করছেন কয়েক শ শিক্ষার্থী। পুলিশও তাদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড ছুড়ছে।
এ ছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায়ও কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন আন্দোলনকারীরা। পুলিশও তাদের দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ছে।
সরেজমিনে প্রতিটি এলাকায় গিয়ে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। অন্যদিকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন কোটা সমন্বয়কারী আসিফ মাহমুদ।
সূত্র-কালের কণ্ঠ

0 মন্তব্যসমূহ